
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর কয়েকটি অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের মোট আটজন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দলটির কেন্দ্রীয় দপ্তরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল হককে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। সম্প্রতি মহানগর এলাকায় ঘটে যাওয়া কিছু অনাকাক্সিক্ষত ঘটনায় নেতাকর্মীদের জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে। এর পাশাপাশি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্রকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও সংগঠনের নীতি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে মহানগর পশ্চিম শাখার সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল দিপু, সদস্য সচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।