
আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে যে, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো এই পৃথক দুটি হামলায় অন্তত ২২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তবে পাকিস্তানের এই দাবির সম্পূর্ণ উল্টো চিত্র তুলে ধরেছে আফগানিস্তানের তালেবান সরকার। তাদের ভাষ্যমতে, বুধবার গভীর রাতে চালানো এই বর্বর বিমান হামলায় নারী ও শিশুসহ ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হামলায় তিনটি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও অপরাধ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান। ইসলামাবাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, তালেবান সরকারের আশ্রয়-প্রশ্রয়ে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে, যদিও তালেবান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক একটি মসজিদে হামলার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে দুই পক্ষের দেওয়া হতাহতের এই পরস্পরবিরোধী হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।