
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র হিসাব-নিকাশ। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও প্রধান বিরোধী দল বিএনপিতে মেয়র পদের মনোনয়ন পেতে চলছে তুমুল ও বহুমুখী লড়াই। দলটির অন্তত এগারোজন হেভিওয়েট নেতা দলীয় টিকিটের জন্য প্রকাশ্যে ও অপ্রকাশ্যে লবিং চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, জাতীয় নির্বাচনের কৌশল অনুসরণ করে সিটি নির্বাচনেও বেশ আগেভাগেই একক প্রার্থী চূড়ান্ত করে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলালকে মেয়র পদে চূড়ান্ত করে তারা ইতিমধ্যেই ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
নির্বাচনী এই মাঠে এবার সবচেয়ে বড় সমীকরণ তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের নির্বাচন থেকে দূরে থাকার ঘোষণাকে কেন্দ্র করে।
এদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী একাদশ নেতার তালিকায় বর্তমান প্রশাসক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা রয়েছেন। তবে দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল, ঘরানা ও লবিংয়ের এই বিরোধ কাটিয়ে একক প্রার্থীর বিরুদ্ধে বিএনপি শেষ পর্যন্ত কতটা সফলভাবে লড়াই করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতে, দলীয় ঐক্য বজায় রাখতে না পারলে সুসংগঠিত প্রতিপক্ষের বিপরীতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দলটি।