
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
অভিযোগে বলা হয়েছে, ক্রিপ্টোএইআইএমএল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাজানো ট্রেডিং সিগন্যাল সরবরাহ করে ৬০ দিনে ১,৬০০ শতাংশ পর্যন্ত মুনাফার প্রলোভন দেখাত। এই প্রক্রিয়ায় ৩০০ জনেরও বেশি বিনিয়োগকারীর কাছ থেকে ১ কোটি ২৫ লাখ ডলারের বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। অন্যদিকে, টিএসএআই গ্রাহকদের এআই ট্রেডিং বট ভাড়া দেওয়া ও নতুন সদস্য আনার বিনিময়ে বোনাসের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১,৭১৫ জন বিনিয়োগকারীর কাছ থেকে অন্তত ২৮ লাখ ডলার হাতিয়ে নেয়। দুটি প্রতিষ্ঠানই গ্রাহকদের হিসাব খাতায় ভুয়া মুনাফার অঙ্ক প্রদর্শন করত এবং বিনিয়োগকারীরা টাকা তুলতে গেলে উল্টো অগ্রিম ফি, ট্যাক্স বা ভেরিফিকেশন চার্জের নামে অতিরিক্ত অর্থ দাবি করত।
এসইসি আরও জানিয়েছে, প্রতিষ্ঠান দুটি তাদের কর্মকাণ্ডকে বৈধ দেখাতে জালিয়াতি করে এসইসির ফর্ম ডি (Form D) সংক্রান্ত নথিপত্র এবং ভুয়া নিবন্ধন সনদ ব্যবহার করছিল। এ ধরনের অসৎ কার্যকলাপ রোধে এসইসি আদালতে অপরাধমূলক স্থায়ী নিষেধাজ্ঞা, অন্যায্যভাবে অর্জিত অর্থ ফেরত দেওয়া এবং দেওয়ানি জরিমানার আবেদন জানিয়েছে।