
বয়স যে শুধুই একটি সংখ্যা এবং রূপের রানী যে কেবল তিনিই সেটি আবারও প্রমাণ করলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। সম্প্রতি বিশ্বখ্যাত প্যারিস ফ্যাশন উইকে নিজের অসামান্য সৌন্দর্য ও রাজকীয় উপস্থিতি দিয়ে পুরো ফ্যাশন দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন এই বলিউড সুন্দরী। আইফেল টাওয়ারের সামনে প্যারিসের ঐতিহ্যবাহী প্লেস জোফ্রে-তে আয়োজিত ‘লরিয়াল প্যারিস লে ডেফিলে’-র জমকালো শো-তে র্যাম্প মাতিয়েছেন তিনি।
রানওয়েতে বিশ্বখ্যাত সিরিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘ইয়ারা শুমেকার’-এর কাস্টমাইজড অল-ব্ল্যাক ভেলভেট গাউনে হাজির হয়ে সবার নজর কাড়েন ঐশ্বরিয়া। থ্রি-ডি ফ্রিঞ্জ ওয়ার্ক এবং মুক্তা-ক্রিস্টাল খচিত কেপের সঙ্গে তার এই রূপ যেন এক রাজকীয় অনুভূতির জন্ম দিয়েছিল। এছাড়া তার সম্পূর্ণ নতুন হেয়ারস্টাইল ও লুকও দারুণ প্রশংসিত হয়েছে। চুলে ফায়ারি রেড বা গাঢ় লাল রঙের হাইলাইট, ঠোঁটে বোল্ড রেড লিপস্টিক, মাথায় ডায়মন্ডের রাজমুকুট এবং আঙুলে হীরের আংটিতে রূপকথার রাজকন্যার মতো দ্যুতি ছড়িয়েছেন তিনি। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী হওয়ার পর থেকে সৌন্দর্য ও সম্মোহনের যে অবিসংবাদিত ধারা তিনি তৈরি করেছিলেন, ৩২ বছর পরও তা সমানভাবে নিখুঁত ও অনুপম এমনটাই মন্তব্য করেছে জনপ্রিয় ফ্যাশন হ্যান্ডেল ‘ডায়েট সব্য’। লরিয়াল প্যারিসের বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এই শো-তে কেন্ডাল জেনার, ইভা লংগোরিয়া, ভায়োলা ডেভিস ও কারা দেলেভিঞ্জনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মডেল ও তারকাদের সঙ্গে রানওয়ে শেয়ার করেন তিনি।