
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের খবর সংবাদমাধ্যমে প্রকাশ করায় দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা শিন বেট টেলিভিশন চ্যানেল ১২-এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চ্যানেলটির বিরুদ্ধে সামরিক সেন্সর বিভাগের প্রধানের নিকট আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিযোগ, নেতানিয়াহু ও তাঁর প্রতিনিধিদল ইসরাইলে ফিরে আসার আগেই অত্যন্ত সংবেদনশীল এই সফরের খবর প্রকাশ করা হয়। এই বিচ্যুতির কারণে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী এবং সফরসঙ্গী মোসাদ প্রধান, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও সামরিক সচিবসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা মারাত্মক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন। এর আগে গত রোববার চ্যানেল ১২ দাবি করেছিল যে, একটি ব্যক্তিগত বিমানে আবুধাবি গিয়ে ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে চার ঘণ্টার গোপন বৈঠক করেছেন নেতানিয়াহু। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে আমিরাতের পক্ষ থেকে কোনো বড় ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না এবং তা নেতানিয়াহু গোপন করেছিলেন কি না এমন স্পর্শী আলোচনার মাঝেই এই গোপন সফর ফাঁসের ঘটনা নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।