
স্মার্টফোন বাজারে চমক সৃষ্টি করে বড় ব্যাটারির নতুন ফোন ‘অনার এক্স৯ই প্রো’ আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে জনপ্রিয় টেক ব্র্যান্ড অনার। মালয়েশিয়ায় লঞ্চ হওয়া এই ডিভাইসটির সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল আকৃতির ১১০০০ এমএএইচ ব্যাটারি এবং চোখ ধাঁধানো ডিসপ্লে। সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তির সাহায্যে তৈরি এই ব্যাটারির মাধ্যমে একবার চার্জেই দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
অনারের দাবি, এই ফোনে অনায়াসে ১৬৪ ঘণ্টা মিউজিক স্ট্রিমিং এবং ৬৬ ঘণ্টার বেশি ভিডিও প্লেব্যাক করা সম্ভব। এছাড়া ডিভাইসটিতে রয়েছে ৮০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে, যা ২৭ ওয়াটের রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর, সাথে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ বা ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ডিসপ্লে হিসেবে এতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১.৫কে রেজুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলিড স্ক্রিন, যার পিক ব্রাইটনেস ১০ হাজার নিটস পর্যন্ত পৌঁছাতে পারে। ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পানি ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৯কে রেটিং। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ম্যাজিকওএস ১০ চালিত এই ফোনটি রয়্যাল পার্পল, রেডিশ ব্রাউন, ডন গোল্ড এবং মিডনাইট ব্ল্যাক রঙে বাজারে পাওয়া যাচ্ছে।