
কোনো ধরনের লাইসেন্স বা অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর বা প্ল্যাটফর্ম শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এসব অবৈধ প্ল্যাটফর্মের ওয়েবসাইট ও প্লে স্টোরের অ্যাপ স্থায়ীভাবে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ থেকে বিটিআরসি এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) এই চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অনুমোদন ছাড়া পেমেন্ট সেবা পরিচালনা করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে জানিয়েছে যে এসব প্ল্যাটফর্মে লেনদেন করলে গ্রাহকরা বড় ধরনের আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন। তাই কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এসব unauthorised প্ল্যাটফর্ম এড়িয়ে চলার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।