
মৌলিক কাঠামোসহ সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি সরকার। এই পরিবর্তনের প্রক্রিয়া হিসেবে আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদের অধিবেশনে সংশোধনী বিল এনে রাষ্ট্রপতি বা প্রধানের স্বাক্ষরের আগে পুনরায় গণভোট আয়োজনের কথা ভাবা হচ্ছে। রোববার জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে দেশের প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ সম্পাদকদের এক বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরা হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধানের প্রস্তাবনা এবং কিছু নির্দিষ্ট অনুচ্ছেদে পরিবর্তন আনার ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী গণভোটের আয়োজন করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে থাকা গণভোটের বিধান তুলে দেওয়া হলেও উচ্চ আদালতের আদেশের পর তা আবার ফিরিয়ে আনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন সংসদে জমা দেবে এবং নতুন বছরের প্রথম বা জানুয়ারি সেশনেই বিলটি পাস করানোর প্রক্রিয়া শুরু হবে। এছাড়া জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিকে সামনে রেখেই এই সংশোধনী আনা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে বৈঠকে অংশ নেওয়া দেশের প্রথিতযশা সম্পাদক ও সাংবাদিক নেতারা সংবিধান সংশোধনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং বিরোধী দলকে আস্থায় নিয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি বিরোধী দলের সদস্যদের কমিটিতে যোগ দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে সরকার জানিয়েছে, সবার মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য ও দীর্ঘমেয়ায়ী সাংবিধানিক কাঠামো তৈরি করতে চায় তারা।