
ইরান সরকারের পক্ষ থেকে পাঠানো সাত দিনের যুদ্ধবিরতি ও কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।
এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে একটি সুনির্দিষ্ট ৭ দিনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা পাঠিয়েছে তেহরান। ওই প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালির নৌ অবরোধ তুলে নেয়, ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে এবং লেবাননসহ সংশ্লিষ্ট অঞ্চলে যুদ্ধবিরতি বজায় রাখে, তবে পরবর্তী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। জুনে দুই দেশের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতার আলোকেই এই রূপরেখা তৈরি করা হয়েছিল।
তবে হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসন এই প্রস্তাবের বিপরীতে কঠোর অবস্থান ধরে রেখেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটনের সব শর্ত মেনে সম্পূর্ণ নমনীয় না হচ্ছে, ততক্ষণ কোনো ধরনের অবরোধ শিথিল করা হবে না। ট্রাম্প নিজেও সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এই অনমনীয় মনোভাব মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও ঘনীভূত করবে এবং আগামীতে পরিস্থিতি আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে।