
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে এই নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন থেকে নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে নিজের সম্পদ বিবরণী দাখিল করেননি। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশ ত্যাগের পাঁয়তারা চালাচ্ছেন। তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেলে মামলার তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত বা রেকর্ডপত্র সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই তার বিদেশগমন অবিলম্বে রহিত করা প্রয়োজন বলে মনে করে দুদক। আদালতের কাছে এই যুক্তি তুলে ধরার পর বিচারক আবেদনটি মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগে গত ২০২৫ সালের জুনে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল দুদক। এর পাশাপাশি তার স্বামী ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধেও ২০২০২৪ সালের ডিসেম্বরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই সময় নওফেলের প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পাশাপাশি তার ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাবে ১১৩ কোটি টাকার বেশি জমা এবং প্রায় ৯৭ কোটি টাকা উত্তোলনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছিল