
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুসদি হাসান রিফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সরকারবিরোধী নানা অপতৎপরতা ও গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লেংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিফাত মুক্তাগাছা উপজেলার ভট্টবাড়ি গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মুক্তাগাছায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে পুনরায় সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রিফাত। পাশাপাশি বিভিন্ন সময় ঝটিকা মিছিল ও সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপে যুক্ত ছিলেন তিনি। তার বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। দেশবিরোধী ও নাশকতাত্মক অপতৎপরতা কঠোরহস্তে দমনের অংশ হিসেবে লেংড়া বাজার এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আইনগতভাবে নিষিদ্ধ থাকার পরেও রিফাত গোপনে সরকারবিরোধী কর্মকাণ্ড চালানোর চেষ্টা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।