
অটোরিকশা রাখা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মমভাবে নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আলতাফ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে নিহত পুলিশ কর্মকর্তার শোকাহত পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এই নির্দেশ দেন। এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মামলার আসামিদের গ্রেফতারে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নিহতের পরিবারের কল্যাণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। এরই মধ্যে পুলিশ সদর দফতরের কল্যাণ তহবিল থেকে পরিবারকে ৬ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং তাদের পারিবারিক ব্যবসা সচল রাখতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সহজ শর্তে ঋণসহ সার্বিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে সততা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এসআই আলতাফ হোসেনকে মরণোত্তর পুলিশ পদক (পিপিএম) ভূষিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়া এলাকায় অটোরিকশা রাখা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডার জেরে হামলার শিকার হন এসআই আলতাফ। প্রাণ বাঁচাতে তিনি নিজের বড় ছেলের ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও দেশীয় অস্ত্র, রড, পাইপ ও হাতুড়ি নিয়ে হামলাকারীরা সেখানে চড়াও হয়। বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য পুলিশ চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার আগেই এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন এসআই আলতাফ।