
রাজধানীর মোহাম্মদপুরের দুটি আবাসিক ভবনে গড়ে ওঠা গোপন গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হলেও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনবিআর জানায়, ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম শ্যামলীর পিসি কালচার হাউজিংয়ের ১৪০ নম্বর বাড়ি এবং মোহাম্মদপুরের জহুরী মহল্লার ৩৭/৮ নম্বর আবাসিক ভবনে একযোগে অভিযান চালায়। এ সময় গোডাউন দুটি তালাবদ্ধ থাকায় ভবন মালিক ও দারোয়ানের সহযোগিতায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তল্লাশিতে প্যাট্রন ন্যানো, মন্ড স্ট্রবেরি, মন্ড সিলভার, অরবিট ও ওরিস ব্রান্ডের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট বস্তাভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ও ভবন মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, একই মালিক ডিলারশিপ ব্যবসার কথা বলে ফ্ল্যাটগুলো ভাড়া নিয়েছিলেন। দিনের বেলায় গোডাউনগুলো তালাবদ্ধ রাখা হলেও রাতের আঁধারে সেখানে অবৈধ সিগারেট আনা হতো এবং পরবর্তীতে তা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। আপাতদৃষ্টিতে বৈধ ব্যবসার কথা বলায় কেউ বিষয়টি সন্দেহ করেননি। জব্দ করা অবৈধ সিগারেটগুলো নিকটস্থ কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।