
সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও জনমুখী ও আকর্ষণীয় করতে নতুন ছয়টি সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এই প্রস্তাবগুলো উপস্থাপন করা হবে। বৈঠকে মোট ১১টি আলোচ্যসূচির মধ্যে এই নতুন সুযোগগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাবিত নতুন ছয়টি সুবিধার মধ্যে রয়েছে—পাঁচ বছর চাঁদা দেওয়ার পর বিশেষ পরিস্থিতিতে টাকা তোলার সুযোগ, পেনশনভোগীর মৃত্যুর পর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন প্রদান, ৫৫ বছর বয়স থেকেই পেনশন চালু, ইসলামি ধারার পেনশন ব্যবস্থা প্রবর্তন, স্বাস্থ্য বিমা এবং গ্রাহক নিবন্ধনে যুক্ত আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কমিশন বৃদ্ধি। এছাড়া দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ও ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ রিজার্ভ বা কনটিনজেন্সি তহবিল গঠনের প্রস্তাবও রয়েছে। ২০২৩ সালের আগস্টে চালু হওয়া এই পেনশন ব্যবস্থায় বর্তমান গ্রাহক সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন এবং জমা তহবিলের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা। পর্ষদের অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত এই নতুন সুবিধাগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।