
দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে চলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিং এবং সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজ। গত বছরের ৮ জুন আংটি বদল হওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের একটি অভিজাত হোটেলে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। রিংকুর এই বিবাহ অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন ছাড়াও ভারতীয় জাতীয় দলের সতীর্থ ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন রিংকু। করোনাকালে আইপিএল চলাকালীন একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখে তার প্রেমে পড়েন এই বাঁহাতি ব্যাটার। পরবর্তীতে প্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবিতে ‘লাইক’ দেওয়ার পর সাহস করে বার্তা পাঠান রিংকু এবং এভাবেই শুরু হয় তাদের প্রেমের গল্প। দীর্ঘ চার বছরের সেই সম্পর্কের পর অবশেষে চলতি বছরের ডিসেম্বরে লখনউয়ে বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন জীবন শুরু করতে চলেছেন এই জুটি।
উল্লেখ্য, উত্তর প্রদেশের আলীগড়ে জন্ম নেওয়া রিংকু সিং বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ এবং আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি দেশের হয়ে ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। অন্যদিকে, ১৯৯৮ সালে জন্ম নেওয়া প্রিয়া সরোজ উত্তর প্রদেশের একজন আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে সংরক্ষিত মছলিশহর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।