
ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, দেশের বিরুদ্ধে চলা আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মারিবের আকাশসীমায় সৌদি জোটের এই যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আল-জাজিরার তথ্য অনুযায়ী, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছাকাছি এই ঘটনা ঘটে। তবে হুথিদের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
এদিকে যুদ্ধবিমান ভূপাতিত করার এই দাবির পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই পক্ষের পুরোনো বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আগে সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করে যে, হুতিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন হামলার চেষ্টা করেছে, যার জেরে মঙ্গলবার মক্কা, তাইফ ও জেদ্দা শহরে সাময়িক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে হুথি গোষ্ঠী এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে জানিয়েছে যে তারা কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্যবস্তু করেনি। ২০১৫ সাল থেকেই ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যকার এই দীর্ঘস্থায়ী সংঘাত চলছে।