
যুদ্ধের ক্ষতচিহ্ন বহনকারী গাজা সিটিতে একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশুসহ নারীও রয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, রাতের বেলা সাততলা ভবনটি ধসে পড়ার এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০০ জন আটকা পড়ে আছেন।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থলের বিভিন্ন ভিডিওতে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের কান্নার শব্দ এবং অনেককে জীবিত উদ্ধারের দৃশ্য দেখা গেছে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, প্রয়োজনীয় ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতির তীব্র সংকট এবং কঠোর বিধিনিষেধের কারণে উদ্ধারকাজ অত্যন্ত ব্যাহত ও ধীরগতির হয়ে পড়েছে। বেশিরভাগ সময়ই উদ্ধারকর্মীদের খালি হাতে বা সাধারণ উপায়ে ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, এর আগে ইসরাইলি বোমা হামলায় ভবনটিতে বড় ধরনের ফাটল ধরেছিল এবং সেটি কাঠামোগতভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। উপযুক্ত তাঁবু বা নিরাপদ আশ্রয়কেন্দ্রের অভাব এবং বাস্তুচ্যুতির কারণে গাজার বহু ফিলিস্তিনি বাধ্য হয়ে এমন ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই বসবাস করছেন।