
অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ সুপার) মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বলে বিবেচিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।