
বলিউডের শাহেনশাহ কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো টানা অভিনয় করে যাচ্ছেন এবং বক্স অফিসে নিয়মিত ঝড় তুলছেন। বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম আসর সঞ্চালনা করছেন তিনি, যেখানে প্রতিযোগীদের জীবনের নানা গল্পে প্রায়শই তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে বিগবির একটি বার্তা ঘিরে শুরু হওয়া গুঞ্জন তার ভক্ত-অনুরাগীদের মাঝে তীব্র আলোচনার জন্ম দিয়েছিল।
জানা গেছে, অমিতাভ বচ্চনের একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে এই বিভ্রান্তির সূত্রপাত হয়। সেখানে তিনি লিখেছিলেন অনেক হয়েছে, এবার থামার সময় হয়েছে।’ তার এই বাক্যটিকে নেটিজেনদের একাংশ অভিনয়জীবন থেকে তার অবসরের ইঙ্গিত হিসেবে ধরে নিয়ে খবর ছড়াতে শুরু করেন। বিষয়টি নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়লে অবশেষে গণমাধ্যমের বিভ্রান্তিকর চর্চা নিয়ে নিজে মুখ খুলেছেন এই কিংবদন্তি অভিনেতা।
অমিতাভ বচ্চন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, তিনি অভিনয় ছাড়ার কোনো কথাই বলেননি। বরং সেদিন গভীর রাতে কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার ইঙ্গিত দিতেই ওই বাক্যটি ব্যবহার করেছিলেন। রসিকতা করে বিগবি বলেন, ‘না হুজুর, কাজ থেকে অবসর নিচ্ছি না। এবার আমি ঘুমাতে যাচ্ছি।’ এ সময় সবার আগে সংবাদ পরিবেশনের প্রতিযোগিতায় চটকদার শিরোনাম তৈরি করে অর্থ উপার্জনের মরিয়া প্রচেষ্টার সমালোচনা করেন তিনি এবং বর্তমান সময়ের এই প্রবণতাকে ‘হাস্যকর’ বলেও আখ্যা দেন।