
ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরের দিকে কেশম দ্বীপের আকাশসীমায় ড্রোনটি শনাক্ত করার পর তা সফলভাবে ধ্বংস করা হয় বলে আইআরজিসির জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্কের নিখুঁত নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালিত হয়েছে। বাহিনীটির ভাষ্যমতে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে এই নিয়ে ৫২তম এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হলো। এর আগে কৌশলগত হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি মানববিহীন জলযান (ইউএসভি) ধ্বংস করার দাবিও জানিয়েছিল আইআরজিসি। আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় এই ধরনের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।