
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নোয়াখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুটিরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। দুঃখ হরণ ভট্রের ছেলে ইমন ভট্র ২০২২ সাল থেকে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ইমন ভট্র আত্মগোপনে ছিলেন। অসুস্থ ৯ মাস বয়সি মেয়েকে দেখতে সম্প্রতি তিনি ঢাকা থেকে নিজ বাসায় আসেন। গত সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন, যেখানে ইমন ভট্র অর্থায়ন করেছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়ন ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটিসহ মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়েছে।