
নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধনের দিনেই প্রথম ব্যক্তি হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, যিনি সম্পর্কে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টা পর্যন্ত শুধু মির্জা ফয়সাল আমিনের পক্ষেই ফরম সংগ্রহ করা হয়েছে। তার পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই ফরম সংগ্রহ করেন। উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।