
ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ভেন্যু প্যারিস থেকে সরে অনুষ্ঠানটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে। পুরস্কারটির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউজকে সম্মান জানানোর জন্যই মূলত এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৫৬ সালে যখন প্রথমবার ব্যালন ডি’অর প্রবর্তন করা হয়, তখন ব্ল্যাকপুলের হয়ে খেলা ও ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী এই কিংবদন্তিই প্রথম এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করতেই ‘যেখান থেকে শুরু, সেখানেই ফেরা’ স্লোগানকে সামনে রেখে ইংল্যান্ডের রাজধানী শহরকে বেছে নিয়েছে আয়োজক ‘ফ্রান্স ফুটবল’।
২০১৯ সাল থেকে ফ্রান্সের প্যারিসের ‘থিয়েটার দ্য শাতলে’ ব্যালন ডি’অর অনুষ্ঠানের নিয়মিত আয়োজক হিসেবে পরিচিত হলেও, ৭০তম বার্ষিকীর এই বিশেষ উপলক্ষকে রাঙাতে সেখানে সাময়িকভাবে বিরতি টানা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ব্যালন ডি’অর স্থায়ীভাবে প্যারিস ছাড়ছে; আয়োজকরা স্পষ্ট করেছেন এটি কেবল একটি বিশেষ ও সাময়িক পরিস্থিতিভিত্তিক সিদ্ধান্ত। একই সঙ্গে বিশ্বজুড়ে এই সম্মানজনক পুরস্কারের আন্তর্জাতিক পরিধি ও উপস্থিতি আরও প্রসারিত করার ক্ষেত্রে লন্ডনের এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।