
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে পরিবেশ রক্ষায় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দিয়েছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনাসহ সামগ্রিক পরিবেশ দূষণ রোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পরিবেশের সুরক্ষায় প্রচলিত ইটের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।