
রোগীর শুধু চিকিৎসায় সীমাবদ্ধ না থেকে দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের একে অপরের প্রতিপক্ষ হওয়ার মানসিকতা সম্পূর্ণ পরিহার করে রোগীর কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে ফিজিওথেরাপিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ-প্যাব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস এবং প্যাবের সাধারণ সম্পাদক মো. তানভীরুল আলম। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সময়ে হৃদরোগ ও স্ট্রোক মানুষের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যকলাপ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক নিয়মে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী। স্ট্রোকের পর রোগীদের চলাফেরা এবং দৈনন্দিন সক্ষমতা ধরে রাখতে পুনর্বাসন প্রক্রিয়া অপরিহার্য। তবে তিনি সতর্ক করে বলেন, বয়স ও শারীরিক অবস্থাভেদে ফিজিওথেরাপির ধরণ ভিন্ন হয়, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ফিজিওথেরাপিকে কেবল রোগ হওয়ার পরের চিকিৎসা হিসেবে দেখলে চলবে না; বরং প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনের সমন্বিত ব্যবস্থার অংশ হিসেবে এর সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শিশু থেকে শুরু করে বয়স্ক সবার জন্যই নিয়মিত ও নিরাপদ শারীরিক কার্যক্রম নিশ্চিত করার তাগিদ দেন তিনি।