
আসন্ন অ্যাপল লঞ্চ ইভেন্টের ঠিক আগেই ইন্টারনেটে ফাঁস হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্সের একটি হ্যান্ডসঅন ভিডিও। প্রকাশিত ওই ভিডিওটিতে আইফোন ১৮ প্রো ম্যাক্সকে আকর্ষণীয় ‘ডার্ক চেরি’ বা বার্গেন্ডি এবং আইফোন ১৮ প্রো মডেলটিকে একটি দৃষ্টিনন্দন নীল রঙে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এবারের সিরিজের ‘হিরো কালার’ বা প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এই ডার্ক চেরি রঙটি।
অ্যাপল ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া এই লঞ্চ ইভেন্টে নতুন আইফোনগুলোর পাশাপাশি কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোনও উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিজাইন ও লুকে আগের আইফোন ১৭ প্রো সিরিজের সঙ্গে বড় কোনো পরিবর্তন না থাকলেও নতুন রঙগুলোই ব্যবহারকারীদের নজর কাড়বে সবচেয়ে বেশি। এছাড়া আইফোন ১৮ প্রো সিরিজে যুক্ত হতে যাচ্ছে পরিবর্তনযোগ্য অ্যাপারচারসহ (variable aperture) নতুন প্রাইমারি ক্যামেরা, শক্তিশালী এ২০ প্রো চিপসেট, আধুনিক মডেম এবং কিছুটা বড় ব্যাটারি।