
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে হওয়ার কথা রয়েছে।