
দেশের রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ সদস্যের করা দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক হিসাব সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাব অনুযায়ী রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসির মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসি-তে, যার পরিমাণ ৭৫,৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া অগ্রণী ব্যাংক পিএলসি-র খেলাপি ঋণের পরিমাণ ২৯,০২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংক পিএলসি-র ১৯,২৮১ কোটি ৭৪ লাখ টাকা, সোনালী ব্যাংক পিএলসি-র ১৫,০৪৮ কোটি ৩৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসি-র ৮,১৩১ কোটি ৯ লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)-এর খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।