
মীরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রাম যাওয়ার পথে গত শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে মীরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এই ঘটনা ঘটে।
মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত ওই পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। জামায়াতের আমিরসহ জোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তৌহিদুল ইসলাম নিশান নামের এক যুবক গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে তা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই পদক্ষেপের প্রশংসা করলেও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়। মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন এটিকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সংকট উত্তরণে সময় দেওয়া উচিত এবং উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধেই এই প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে নিজের এমন আচরণের পক্ষে সাফাই গেয়ে তৌহিদুল ইসলাম নিশান বলেন, সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনগণের দুর্ভোগ ও জনভোগান্তির প্রতিবাদ জানাতেই তিনি শান্তিপূর্ণভাবে এই লাল কার্ড প্রদর্শন করেছেন। তিনি আরও জানান, তাঁর এই প্রতিবাদে কোনো ধরনের গালিগালাজ বা অশালীন আচরণ করা হয়নি, বরং এটি ছিল সম্পূর্ণ অহিংস একটি প্রতীকী প্রতিবাদ। উল্লেখ্য, অভিযুক্ত নিশান মীরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।