
ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় কথিত ‘ভেজাল মদ’ পান করার পর অসুস্থ হয়ে অন্তত ৯ জন গ্রামবাসীর মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে স্থানীয় এলাকার কয়েকজন বাসিন্দা দেশীয় মদ পান করার পর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনা অনুযায়ী, সাগর জেলার ঘুঘর, নওরাজ ও বারাজসহ আশপাশের বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ব্যক্তি শনিবার রাতে ওই মদ পান করেন। এরপর রাতেই তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে পরিবারের সদস্যরা তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষাক্ত বা ভেজাল মদ পানকেই এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে জোরালোভাবে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মদগুলো কোথা থেকে এবং কার মাধ্যমে সরবরাহ করা হয়েছিল, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। এলাকায় অবৈধভাবে মদ তৈরির কোনো চক্র সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এছাড়া রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়াও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন এবং আবগারি কমিশনারকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।