
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার দায়ে বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ১০ জন কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে করা দণ্ড মওকুফের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়।
শাস্তি মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা, যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং মো. জিল্লুর রহমান। উল্লেখ্য, ২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে পরিচালিত ওই আন্দোলনের সময় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে এসেছিল। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় সেই আন্দোলন প্রত্যাহার করা হলেও সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৩৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছিল আইআরডি, যার মধ্যে তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল।