
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা চলছে, তাতে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস)-এর ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সমাজে বসবাসকারী প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে শ্রমিক, আর সমাজে যার যার অর্জনের সঠিক স্বীকৃতি দিলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। আত্মকেন্দ্রিকতার বদলে ‘আমরা’ শব্দটি ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রান্তিক শ্রমিক ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
বিলস-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ড. মাহ্দী আমিন তাঁর বক্তব্যে বলেন, ন্যায্য মজুরি কোনো করুণা নয়, বরং শ্রমিকের মৌলিক অধিকার, এবং বর্তমান সরকার সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ সাধনে বদ্ধপরিকর। এছাড়া অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তরফদার, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুটন এবং নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর জান্না ভ্যান ডার লিন্ডেনসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।