
ঢাকা থেকে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া এক তরুণীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের হেলাল মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৯) ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে শান্তিগঞ্জের সদরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয় পথচারীদের মাধ্যমে খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ১০-১২ জন যাত্রীর মধ্যে নারী ও শিশুসহ ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অন্য একটি অ্যাম্বুলেন্সে করে জামালগঞ্জে পাঠানো হয়েছে।