
অ্যামাজন প্রাইম ভিডিওর ইতিহাসে রেকর্ডসংখ্যক ১১টি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং সমালোচকদের প্রশংসা পাওয়ার পরও জনপ্রিয় সুপারহিরো সিরিজ ‘স্পাইডার-নোয়াড়’ (Spider-Noir)-এর দ্বিতীয় মৌসুম আসছে না। পর্যাপ্ত দর্শকসংখ্যা না পাওয়ায় অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং সনি পিকচার্স টেলিভিশন যৌথভাবে সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ১৯৩০ এর দশকের পটভূমিতে নির্মিত এবং নিকোলাস কেজ অভিনীত এই সিরিজটি মেটাক্রিটিকে ৭২/১০০ স্কোর এবং রটেন টম্যাটোসে ৯০ শতাংশ রেটিং পাওয়ার পাশাপাশি দারুণ সব রিভিউ অর্জন করেছিল। তবে নীলসেনের (Nielsen) তথ্যমতে, ৬ সপ্তাহে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৬ বিলিয়ন মিনিট দেখা হলেও প্ল্যাটফর্মের শীর্ষস্থানীয় হিট সিরিজ যেমন ‘রিচার’-এর তুলনায় তা বেশ কম ছিল। বিশেষ করে অত্যন্ত ব্যয়বহুল এই প্রজেক্টের বাজেট ও আয়ের অনুপাত আশানুরূপ না হওয়ায় এবং সিরিজটি কিছুটা বেশি ‘নিশ’ বা নির্দিষ্ট ঘরানার হওয়ায় শেষ পর্যন্ত দর্শক টানার দৌড়ে পিছিয়ে পড়ে। এর দুই ফরম্যাট সাদা-কালো ও রঙিন সংস্করণে মুক্তির বিষয়টিও বাজেটের ওপর প্রভাব ফেলেছে। অবশ্য প্রথম মৌসুমের গল্পটি একটি পূর্ণাঙ্গ সমাপ্তি দেওয়ায় দর্শকদের হতাশ হয়ে থাকতে হবে না। আগামী ১৪ সেপ্টেম্বর এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই এই বাতিলের ঘোষণাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।