
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের সেমিকন্ডাক্টর ও ভিএলএসআই খাতের অন্যতম বড় প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’-এর পর্দা নেমেছে। এবারের প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেভিয়েশন’। এছাড়া প্রথম রানার্স-আপ হয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ভলটিক্স’ এবং দ্বিতীয় রানার্স-আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ডেনসিটি ডিমনস’।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে দেড় মাসব্যাপী এই আয়োজনের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উল্কাসেমির আয়োজনে এবং উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) সঙ্গে যৌথভাবে ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এবারের আসরে সারা দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১০৬টি দলের মোট ২০৬ জন শিক্ষার্থী অংশ নেন। ‘প্লেস অ্যান্ড রাউট’ (পিএনআর) ডোমেইনের ওপর ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডেভিয়েশন’ পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, প্রথম রানার্স-আপ ‘ভলটিক্স’ ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স-আপ ‘ডেনসিটি ডিমনস’ ৪০ হাজার টাকা প্রাইজমানি লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম। এ সময় উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, এ ধরনের প্রতিযোগিতা একাডেমিক পড়াশোনা ও শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধ তৈরি করে শিক্ষার্থীদের সরাসরি কর্মপযোগী করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।