
বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিক ঘাঁটির ভেতরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কা জানান, বিস্ফোরণের তীব্রতায় প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী জানান, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সামরিক ঘাঁটির যে অংশে আতশবাজি মজুত রাখা হয়েছিল, সেখানেই এই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে ৫২ জনই বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক সদস্য। বিস্ফোরণের পর পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘাঁটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এদিকে বিস্ফোরণের তীব্র ধাক্কায় আশপাশের কয়েক ডজন বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনাস্থলে এখনও অবিক্রিত বিস্ফোরক থাকতে পারে বলে দমকলকর্মীরা সতর্ক করায় স্থানীয় বাসিন্দাদের অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।