
রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) অ্যাকাডেমিক মাইগ্রেশনের জন্য রোডম্যাপ ঘোষণা করা হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অ্যাকাডেমিক অনিশ্চয়তা ও সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ২০২১-২২ সেশনের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতে ডিসিইউ কর্তৃক পরীক্ষা কার্যক্রমের সময়সূচি ঘোষণার কথা থাকলেও এখনো কোনো সুনির্দিষ্ট নোটিশ না আসায় শিক্ষার্থীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক জটিলতার কারণে তাদের শিক্ষাজীবন ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে। ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিব আল হাসান জানান, ঢাবির অধীনে চতুর্থ বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি স্থগিত হওয়ায় এবং ডিসিইউর রোডম্যাপে প্রক্রিয়াগুলো কীভাবে সম্পন্ন হবে তা স্পষ্ট না থাকায় তারা চরম ক্যারিয়ার ভাবনায় আছেন। পরীক্ষা ও ফরম পূরণে দীর্ঘসূত্রতা তৈরি হলে তা উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ এবং চাকরির আবেদনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই ধরনের শঙ্কা প্রকাশ করে তিতুমীর কলেজের শিক্ষার্থী মানিক খান বলেন, ২১-২২ থেকে ২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা ডিসিইউতে মাইগ্রেশনের রোডম্যাপকে স্বাগত জানালেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা পরীক্ষা ও ফলাফল বিলম্বিত হওয়ার ভয়ে আছেন।
শিক্ষার্থীদের এই উদ্বেগের বিষয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ট্রেজারার অধ্যাপক বোরহান উদ্দিন জানান, তারা শিক্ষার্থীদের স্বার্থে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং খুব দ্রুতই রোডম্যাপের বাস্তব অগ্রগতি দেখতে পাওয়া যাবে। শিক্ষার্থীদের সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত ২৮ আগস্ট সাত কলেজের শিক্ষার্থীদের নির্বিঘ্ন প্রক্রিয়ায় ডিসিইউতে স্থানান্তর এবং পরীক্ষা পরিচালনার লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল, যেখানে সেপ্টেম্বরের শুরুতে চতুর্থ বর্ষের ফরম পূরণ এবং অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ফাইনাল পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছিল।