
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেছেন বাদীপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে সানায়া চৌধুরীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় রনি এই নারাজি আবেদন জমা দেন। আগামী ২০ অক্টোবর মামলার বাদী ও সাক্ষীদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে আদালত ওই দিন অধিকতর শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে ২০২৫ সালের ২৭ নভেম্বর গুলশানের একটি ফ্যাশন হাউজের সত্ত্বাধিকারী সানায়া চৌধুরী তানজিন তিশার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা, যা পরদিন ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরবর্তী সময়ে শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তানজিন তিশা বাদীকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং ফেসবুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও মামলা তুলে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
এই অভিযোগের ভিত্তিতে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিলে চলতি বছরের ২৫ মে পিবিআইয়ের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’ মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তবে সেই প্রতিবেদনে নারাজি দেওয়ায় মামলাটি এখন নতুন মোড় নিয়েছে এবং আগামী ২০ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।