
যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক কর্মীদের দৈনন্দিন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে নিজেদের সিকিউর এআই প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি ও গ্রকের সামরিক সংস্করণ যুক্ত করেছে পেন্টাগন। সোমবার প্রকাশিত এক ঘোষণায় ডিপার্টমেন্ট অব ওয়ার (পেন্টাগন) জানিয়েছে, গত ডিসেম্বরে চালু হওয়া তাদের বিশেষ এআই প্ল্যাটফর্ম ‘GenAI.mil’-এ এবার যুক্ত হলো ওপেনএআইয়ের ‘ChatGPT Mil’ এবং ইলন মাস্কের স্পেসএক্সএআইয়ের ‘Grok for Government’। এর ফলে পেন্টাগনের প্রায় ৩০ লাখ কর্মী ও সেনা সদস্য এই সুরক্ষিত প্ল্যাটফর্মের মাধ্যমে এআই টুলগুলো ব্যবহার করার সুযোগ পাবেন।
এর আগে প্ল্যাটফর্মটিতে কেবল গুগলের জেমিনির একটি বিশেষ সংস্করণ ব্যবহারের সুযোগ ছিল। সম্প্রতি ওপেনএআই ও এক্সএআইয়ের সঙ্গে প্রায় ২০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই নতুন সংযোজন এল। পেন্টাগন জানিয়েছে, সংবেদনশীল কিন্তু অসংজ্ঞায়িত (Controlled Unclassified Information) তথ্যের ক্ষেত্রে এই এআই মডেলগুলো কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে কাজ করবে এবং ব্যবহারকারীদের ডেটা মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। মানবসম্পদ ব্যবস্থাপনা, লজিস্টিকস ও চুক্তিভিত্তিক নথি তৈরির মতো দৈনন্দিন দাপ্তরিক কাজ আরও দ্রুত ও কার্যকর করতে এসব টুল ব্যবহার করা হবে।
তবে প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও এই তালিকায় স্থান পায়নি অ্যানথ্রপিকের ‘ক্লড’। স্বয়ংক্রিয় অস্ত্র বা নজরদারিতে প্রযুক্তি ব্যবহার না করার শর্ত নিয়ে পেন্টাগনের সঙ্গে বিরোধের জেরে ট্রাম্প প্রশাসন সম্প্রতি অ্যানথ্রপিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। হোয়াইট হাউসের এআই অ্যাকশন প্ল্যানের সঙ্গে মিল রেখে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের কার্যক্রমে ‘এআই-ফার্স্ট’ মানসিকতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। এর অংশ হিসেবে সেনাসদস্যদের প্রতিদিনের যুদ্ধপ্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাধ্যতামূলক করার নীতি গ্রহণ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।