প্রিন্ট এর তারিখঃ Aug 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফারাক্কার সব গেট খুলে দেওয়ার অনুরোধ সম্রাট চৌধুরীর

ভারতের বিহার রাজ্যে গঙ্গার পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। এই সংকটময় পরিস্থিতিতে রাজ্যটির বন্যা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফারাক্কা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। গত রবিবার (২৩ আগস্ট) টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সম্রাট চৌধুরী জানান যে, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তা সহায়ক হবে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে এই ইস্যুর পাশাপাশি ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) সংসদ সদস্য সঞ্জয় ঝা এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, আগামী ডিসেম্বরে এই চুক্তির ৩০ বছর পূর্ণ হতে চলেছে। তাঁর দাবি, চুক্তির সময় বিহারের স্বার্থ পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল। তাই চুক্তিটি নবায়ন করার আগে অবশ্যই বিহারের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং সে বিষয়ে যথাযথ আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ঢাকা ফাইলস ২০২৬