
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) বিভিন্ন অনিয়ম, রোগীদের চরম ভোগান্তি এবং হাসপাতাল চত্বরে সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, বৃহত্তর রাজশাহী ও উত্তরাঞ্চলের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কিছু অসাধু চক্র, দায়িত্বপ্রাপ্ত নার্স ও ওয়ার্ডবয়ের অবহেলা এবং দালালচক্রের কারণে রোগীরা প্রতিনিয়ত নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, পরিচ্ছন্নতার অভাব, খাবার ও ওষুধের মান নিয়ে প্রশ্ন এবং হৃদরোগ ও স্ট্রোক ইউনিটে তীব্র শয্যা সংকটের মতো গুরুতর বিষয়গুলো স্মারকলিপিতে জোরালোভাবে তুলে ধরা হয়।
বিশেষ করে, জরুরি বিভাগের সামনে সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালালচক্রের কারণে অসহায় রোগীরা প্রায়শই প্রতারণা ও অতিরিক্ত খরচের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি অচল পড়ে থাকা এবং চিকিৎসকদের সময়মতো ওয়ার্ড রাউন্ড না করার বিষয়টিরও দ্রুত প্রতিকার চাওয়া হয়েছে। স্মারকলিপি দেওয়ার সময় রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্যসচিব ইমাদুল হক লিমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।