
বৃষ্টির মৌসুমে কৃষিপণ্যের উৎপাদন খরচ তুলনামূলক বেশি হওয়ায় বাজারে পণ্যের দাম কিছুটা বেশি থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নিত্যপণ্যের বাজারদর সম্পর্কে নিজের নিয়মিত অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি নিজেই নিয়মিত ব্যাগ নিয়ে মহাখালী বাজারে যান এবং বাজারের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল আছেন।
কাঁচামরিচ ও করলার মতো সবজির উৎপাদন খরচ ও পরিচর্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বৃষ্টির মৌসুমে সবজি উৎপাদন করা বেশ কঠিন এবং ব্যয়বহুল। বিশেষ করে কাঁচামরিচ উৎপাদনে শেড তৈরি করতে হয়, যা খরচ বাড়িয়ে দেয়। করলার মতো পণ্যের উৎপাদন ব্যয়ের দিকটি বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কৃষকেরও তো পেট আছে, সংসার আছে, তাকে তো বাঁচতে হবে।” বাজার সরাসরি নিয়ন্ত্রণ করা কঠিন উল্লেখ করে মন্ত্রী জানান, উৎপাদন ও চাহিদার সঠিক হিসাব নিশ্চিত করতে সরকার ‘কৃষক কার্ড’-এর চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট এলাকার চাহিদা অনুযায়ী কৃষকদের ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং পরিবহন খরচ কমাতে মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।