
চার লাখ ৪০ হাজার টাকার চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-৫ এর বিচারক মো তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে গত ৪ আগস্ট ১০ লাখ টাকার আরেকটি চেক ডিজঅনার মামলায় তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম মিয়া জানান, ২০০৩ সালে মামলার বাদী মজিবুর রহমানের ছোট ভাইকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৪০ হাজার টাকা নেন মুজিব পরদেশী। পরবর্তীতে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়ে তিনি দুটি চেক প্রদান করলে ব্যাংক তা ‘ফান্ড অপর্যাপ্ত’ (insufficient funds) দেখিয়ে ডিজঅনার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৭ সালের ২১ নভেম্বর আদালত আসামি মুজিব পরদেশীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে পরিচিতিকে কাজে লাগিয়ে বিদেশে পাঠানোর নামে আরও অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।