
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ‘দাতিনা ভোল’ মাছ। কেজিপ্রতি ১৬ হাজার ১৩৬ টাকা ধরে মাছটি মোট ৩ লাখ ৫৫ হাজার টাকায় বাগেরহাটে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদারের আড়তে এই মাছটি বিক্রি করেন স্থানীয় এক ব্যবসায়ী।
এর আগে গত ১১ আগস্ট বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াস হোসেনের মালিকাধীন ‘এফবি মায়ের দোয়া’ নামের ট্রলারে মাছটি ধরা পড়ে। ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াস হোসেন জানান, সাগরের আবহাওয়া খারাপ থাকায় আশানুরূপ ইলিশ ধরা পড়ছিল না। তাই বাড়ি ফেরার ঠিক আগমুহূর্তে সাগরে জাল ফেলা হয় এবং রাতে সেই জাল তোলার পরই এই বিশাল ভোল মাছটি পাওয়া যায়।
মাছটির ক্রেতা ও ব্যবসায়ী হারুন মীর জানান, দাতিনা ভোল মাছের মণ সাধারণত ৬ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী তিনি ২২ কেজি ওজনের মাছটি সাড়ে তিন লাখ টাকায় কিনেছেন। মাছটি পচন থেকে রক্ষা করতে বরফ দিয়ে প্রথমে বড় মোকামে এবং পরবর্তীতে চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা রয়েছে তার। এই ব্যবসা থেকে প্রায় ৫০ হাজার টাকা লাভ হতে পারে বলে আশা করছেন তিনি।
উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, অনেক বছর পর সাগরে এত বড় আকৃতির দাতিনা ভোল মাছ ধরা পড়ল। তবে ছোট জাল ফেলার কারণে অনেক সময় ছোট ভোল মাছও নষ্ট হয় বলে মন্তব্য করেন তিনি। মাছ ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই মাছের পটকার আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। মূলত ওষুধ প্রস্তুত, সার্জিক্যাল থ্রেড তৈরি এবং প্রসাধনী শিল্পে এই পটকা ব্যবহার করায় মাছটির দাম এত বেশি হয়ে থাকে। এই আকস্মিক বিক্রিতে স্থানীয় জেলের পরিবারে বইছে আনন্দের বন্যা।