
কৃষ্ণসাগরে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নভোরোসিস্ক নৌঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভ থেকে তিন শ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত এই ঘাঁটিতে চালানো হামলায় রাশিয়ার অন্তত ৪টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আকস্মিক এই হামলার তীব্রতার কারণে নভোরোসিস্ক বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় শিশুসহ অন্তত ৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।
ইউক্রেনের এই সফল হামলার জবাবে কৃষ্ণসাগরে পাল্টা আক্রমণ শুরু করেছে রাশিয়া। মস্কোর দাবি, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জামবাহী একটি ইউক্রেনীয় কার্গো জাহাজে সফল আঘাত হেনার পাশাপাশি বেশ কিছু জ্বালানি ডিপো ও বন্দর অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এদিকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা রক্ষায় কৃষ্ণসাগরে বেসামরিক তেলবাহী বা রফতানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার জন্য ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।