
নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া পোশাক শ্রমিক স্বামী খোকন সরকারের মৃত্যুর মাত্র ছয় ঘণ্টার মাথায় তার স্ত্রী ফজিলত বেগমও না ফেরার দেশে চলে গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্বামীর কবরের পাশেই ফজিলতকে দাফন করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার উজানীকান্দি গ্রামের এই দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার রাতে হঠাৎ গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুজনেই গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় খোকন সরকার মারা যান এবং বুধবার সকালে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। স্বামীকে শেষ বিদায় জানানোর মাত্র কয়েক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যুর খবর আসলে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। দেবিদ্বার উপজেলা প্রশাসন এই মর্মান্তিক ঘটনায় অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে।