
ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় চালক ও কন্ডাক্টরসহ অন্তত ৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শর্মা বাস সার্ভিসের বাসটি ১৮ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করার পরই দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রথমে মূল সড়কে উল্টে যায় এবং পরবর্তীতে গড়িয়ে নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে, যার ফলে বেশ কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
স্থানীয় বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে এবং পুলিশে খবর দেয়। পরবর্তীতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি। কি কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।