
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগ দেন। ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমজাদুল ইসলাম আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। আমন্ত্রিত অতিথিদের হাত থেকে ফুলের মালা গ্রহণ করে নতুন যোগদানকারীরা আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন করেন।
যোগদানকারী ১২ জন নেতাকর্মী হলেন কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী এবং তৌহিদুর রহমান বাবু। পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ জানান, তারা সবাই অতীতে জামায়াত নেতা গাজী নজরুলের পক্ষে কাজ করলেও তার বিভিন্ন অপকর্ম দেখে বষ্ট হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। সভায় উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানান এবং তৃণমূল পর্যায়ে দলটিকে আরও শক্তিশালী ও সুসংহত করার আহ্বান জানান।