
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে নিজেদের শক্তিমত্তা আরও একবার ঝালিয়ে নিল জুভেন্টাস। চেলসির বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়ার পর দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। প্রস্তুতি ম্যাচের ফলাফলের চেয়ে দলের মাঠে লড়াই করার মানসিকতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই ইতালিয়ান কোচ। তার মতে, কঠিন পরিস্থিতিতেও দল যেভাবে নিজেদের গুটিয়ে না রেখে লড়াই চালিয়ে গেছে, সেটাই চলতি মৌসুমে দলটির উন্নতির বড় লক্ষণ। বিশেষ করে শীর্ষ পর্যায়ের একটি দলের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে ট্যাকটিক্যাল শৃঙ্খলা বজায় রাখাটা জুভেন্টাসের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক বলে মনে করেন তিনি।
ম্যাচটিতে চেলসির বিপক্ষে জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করে নজর কেড়েছেন কেনান ইয়েলদিজ। ইনজুরি কাটিয়ে ফেরা এই তরুণ তুর্কিকে নিয়ে স্পালেত্তি জানান যে তার আর কোনো ব্যথা নেই এবং তাকে পুরোপুরি ফিট করে তুলতে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এছাড়া ম্যাচের একমাত্র গোলদাতা এডন ঝেগ্রোভা এবং কেলিও দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বলে জানান তিনি। খেলোয়াড়দের প্রতিদিন নিজেদের সেরাটা দেওয়ার মানসিকতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন জুভেন্টাস কোচ। দলবদল বা মার্কেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান যে ক্লাব ম্যানেজমেন্টের সাথে তার নিয়মিত আলোচনা হয়েছে এবং দল শক্তিশালী করতে তারা নিভৃতে কাজ করে যাচ্ছে।